মাহবুবা করিম

শকুন্তলা সংখ্যা: 'মাহবুবা করিম'-এর কবিতা

বার পড়া হয়েছে
শেয়ার :

দর্পণের বিশেষ সংখ্যা 'শকুন্তলা'-তে প্রকাশিত মাহবুবা করিম-এর তিনটি কবিতা


তোমার হাসি এত নিষ্পাপ কেন


টুপটুপ বৃষ্টি শেষে যেই না মেঘ কেটে উঁকি দিলো ভরা পূর্ণিমা, এই মুহূর্তে আমি নিশ্চিত— জোছনা তোমার হাসি হাসি গালে চুমু খেয়ে পৃথিবীটা এতো আলোকিত করেছে...

নয়তো কী? অত রূপ চাঁদের কবে ছিলো?

হাসছো?
তুমি হাসলেই এমন হয়,
তুমি হাসলেই দাগী আসামীও বাইবেল পড়তে শুরু করে
তুমি হাসলেই ঘাতকের বিষমাখা ছুরি খসে পড়ে যায় হাত থেকে;
তুমি হাসলেই দগ্ধ হৃদয় মিঠা নদী হয়ে যায়।

কী বিশ্বাস হচ্ছে না?
হেসেই দেখো—
তুমি হাসলেই সহস্র প্রেমিক ক্রুশবিদ্ধ যীশু হতে চায়,
তুমি হাসলেই আমার খুব খুন হতে ইচ্ছা করে তোমার ভেতর।

শুনছো?
ঐভাবে হেসো না মেয়ে,
হাসলেই পৃথিবী নুয়ে পড়ে তোমার পায়ের কাছে।


তোমার আঙুল—মোহমন্ত্র


তোমার আঙুল     লিফলেট
তোমার আঙুল     রাইফেল
তোমার আঙুল     বিষের ছুরি
তোমার আঙুল     চৌদ্দশিকের জেল

যে তোমার আঙুল ছুঁয়েছে— সে নির্ঘাত মরেছে
জনমের মত মরেছে, অকালে মরেছে—

যে তোমার আঙুল ছুঁয়েছে—করাতে কেটেছে—আগুনে পুড়েছে—প্রেমে মরেছে, সত্য।


কে যায় কে আসে অগোচরে


৪ নভেম্বর

তুমি এলে। আমার অপ্রাপ্ত নিলাজ কুড়িতে
ঈষৎ ছাপ ফেললো— চুরুটে পোড়া অধর।
কথা এমন ছিলো না,  তবু— অযুত বার তোমার
নামের কলিং বাজলো হৃদকপাটে।

৭-ই নভেম্বর

তোমার দৃষ্টির মদে কিছুটা টাললাম হলাম।
বদ হলাম; তুমি ধ্রুপদি আঁচল টেনে ধরলে,
বুঝলাম ফুলের জন্ম পাপ যদি ভ্রমর না জানে
মধু আহরণ।

১৩-ই নভেম্বর

চাঁদ ঘামছে; পৃথিবীর পায়ের উপর পড়ছে তার
ফোঁটা। কার সঙ্গমে কে জানে? তুমি
আঠারো প্লাস কৌতুক শোনাতে শোনাতে
মগ্নপ্রায় জিরাফের লোভী দাঁত দিয়ে টেনে
বুকে রাখা নিষিদ্ধ রুমাল সরিয়ে ফেললে;

ইশ্! রাতে, অনিয়ন্ত্রিত স্বপ্নে আর আসবে না তুমি;
উদ্দীপনায় আমার পায়ের আঙুল কাঁপে।

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu