
দূরত্ব বেড়ে গেলে শীত নেমে আসে
নকশীকাঁথায় পড়ে থাকে ফুল, পাতা, পাখি
উষ্ণতা কোথায়, তবে কি ভুল শব্দে ডাকি!
শব্দগুলো নিঃশব্দে কেঁদে যায় যদি
সুখ-সমীরণে উতলা হয়
উষ্ণতা চাষের আবাদি জমি।
কোথায় সুখ আর কোথায় নামি!
সহস্র বছর দেখা হয় না প্রিয় রাজধানী
শোনা হয় না পাখিদের কথা
কেমন শীত-শীত ব্যথা!
জমকালো রাতের পাশে ফুলের মমি
ঝরে যায় যুগল সন্ধ্যা, শূন্য ফুলদানি।