
মহাকালকে শ্রদ্ধা রেখেই বলছি
অত চোখ রাঙিও না তো বাপু!
অমরত্বের সাতনরী হার পরতে
কে গেছে তোমার পদধূলি নিতে?
সে আমি নই, আমি নই, আমি নই সে।
আমি কেবল বলতে এসেছি
কৃষকের ফসল ফলানোর ঘাম
আর নর্তকীর নাচার ঘাম দুটোই শ্রদ্ধার।
আমি কেবল বোঝাতে চাই
বেশ্যা আর ঘরের স্ত্রীর প্রসব বেদনা একই ঘনত্বের।
শিশুর কান্নার শব্দও এক ও অভিন্ন।
আমি শুধু বলেছি সকল প্রাণের স্বরলিপি— ক্ষুধা
ঘুম, কাম, রেচন আর বেদনা তার আরাধনা।
এ নিয়ে কোনো রাজনীতি বা ধর্ম চলে না বাপু।
যদিও এই নিয়েই বরাবর
রাজনীতি আর ধর্ম দুই-ই জমে হয়েছে ক্ষীর।
ঈশ্বরই রাজনীতিবিদদের গুরু কি না!