
একেবারে শূন্য হাতে ফিরিনি কখনো
বুক ভরে ক্ষত আর ধুয়োর কুন্ডলী নিয়ে
ফিরেছি বাড়িতে
শূন্য ঘরে, বৃক্ষের নিচে যখন
একা থাকি
স্মৃতি থেকে রক্তজবা এসে
সহসাই ছুঁয়ে দেয় আমাকে
নিজের প্রতি নিজের আমার
চরম অভিমান
এইসব না পাওয়া থেকে কবিতায় এসেছি
সেই কবে বন্ধুর খোঁজে পথে বেরিয়ে এসেছি
এখন পথকেও অচেনা লাগে
যে রাষ্ট্র রক্তের উপর নির্মিত
অবহেলা যার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু
নিপীড়ন যার উষ্ণ সহযোগী
সেই রাষ্ট্রে একজন কবির কাছে
লাভার উত্তপ্ততাই সার্বক্ষণিক সঙ্গী
বন্ধুত্ব এক হেয়ালি প্রতারণা