সাম্য রাইয়ান
কুড়িগ্রাম, বাংলাদেশ
সাম্য রাইয়ান

স্বাধীনতা লাগবে - সাম্য রাইয়ান

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

যে শিশুর ঘুম ভাঙে বুলেটের শব্দে, বারুদের গন্ধে
তার জন্য এ লেখা, তার পাশে দাঁড়াবে এ কবিতা।

যে নাগরিক ঘুমাতে পারে না অজানা আতঙ্কে
তার স্বাধীনতা লাগবে।
যে মেয়েটা বাড়ি ফেরে সন্ধ্যার পর
তার স্বাধীনতা লাগবে।
যে লোকটা খুপড়ি-ঘরে বৌ-বাচ্চা নিয়ে অভুক্ত
তার স্বাধীনতা লাগবে।
যে শিক্ষক পরীক্ষা-হলে নকল ঠেকাতে মার খায়
তার স্বাধীনতা লাগবে।
যে ছাত্র টাকার অভাবে ফরম-ফিলাপ করতে পারে না
তার স্বাধীনতা লাগবে।
যে কৃষক ফসলের ন্যায্যমূল্য না পেয়ে অভুক্ত এই মুহূর্তে
তার স্বাধীনতা লাগবে।
যে শ্রমদাস জন্মলগ্ন থেকে শ্রমের শিকলে বন্দী
তার স্বাধীনতা লাগবে।
যে মা সারাদিন গৃহকর্ম করেও শান্তিতে ঘুমাতে পারে না
তার স্বাধীনতা লাগবে।
যে পিতা ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করে
তার স্বাধীনতা লাগবে।
যে যুবক ঘুষ দিতে না পারায় চাকরি পাচ্ছে না
তার স্বাধীনতা লাগবে।
যে সাংবাদিক সংবাদ প্রকাশের আগেই খুন হয়ে যায়
তার সন্তানের স্বাধীনতা লাগবে।
যে ব্যবসায়ী চাদার টাকা দিতে না পারায় আহত পড়ে থাকে রাস্তায়
তার স্বাধীনতা লাগবে।
যে জননী বিরোধী দলকে ভোট দেয়ায় গণধর্ষিত হয়
তার স্বাধীনতা লাগবে।
যে মেয়েটা টিউশনি থেকে আর বাড়ি ফিরে এলো না
যার লাশ সেনানিবাসের জঙ্গলে পড়ে থাকে
তার স্বাধীনতা লাগবে।
যে দেশে পাহাড় স্বাধীন নয়—নিঃসঙ্গ শেরপা
তার স্বাধীনতা লাগবে।
যে কবি ফেসবুকে কবিতা লেখার জন্য আইসিটি অ্যাক্টে কারাগারে
তার স্বাধীনতা লাগবে।
যে কৃষক এখন শহুরে রিকশাচালক
তার স্বাধীনতা লাগবে।
পুলিশ যে যুবককে মিথ্যা মামলায় জেল খাটাচ্ছে
তার স্বাধীনতা লাগবে।
দেড়শ’ বছর বাস করার পরেও যে গাছের নাগরিক অধিকার নাই
তার স্বাধীনতা লাগবে।
‘সংখ্যালঘু’ নাম দিয়ে যাকে প্রকাশ্যে-গোপনে চড় মারা হয় প্রতিদিন
তার স্বাধীনতা লাগবে।
যে কার্টুনিস্ট রাষ্ট্রীয় রোষাণলে নির্মম অত্যাচারিত
তার স্বাধীনতা লাগবে।
যে লেখককে জেলখানায় পেটাতে পেটাতে হত্যা করা হয়েছে
তার স্বাধীনতা লাগবে।
যে মেয়েটিকে মন্দিরে দিনের পর দিন ধর্ষণ করে হত্যা করা হয়েছে
তার স্বাধীনতা লাগবে।
‘নাস্তিক’ উপাধি দিয়ে অতি সহজে যাকে হত্যা করা যায়
তার স্বাধীনতা লাগবে।
যে দরজি নিজেও জানে না কেন তাকে কুপিয়ে হত্যা করা হল
তার স্বাধীনতা লাগবে।
যে শিশু মোবাইলে বলল, ‘আব্বু, তুমি কানতেছ যে…?’
তার স্বাধীনতা লাগবে।
যে প্রাণীদের বন থেকে ধরে চিড়িয়াখানায় বন্দী করা হয়েছে
ওদের স্বাধীনতা লাগবে।
লাগবেই লাগবে।
যা কিছুই হোক
যতটা কষ্ট হোক
যতটা জীবন চলে যাক পথে—
অহেতুক জীবনহীনতায়
ভালো হয় রাজপথে মরে গেলে,
তার থেকে ভালো হয়
ডিয়ার স্বাধীনতা—তোমাকে পেলে!

নভেম্বর ২০২০

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu