জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। জীবনানন্দ দাশ প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ রচনা ও প্রকাশ করেছেন। তবে ১৯৫৪ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি ২১টি উপন্যাস এবং ১২৬টি ছোটগল্প রচনা করেছিলেন যার একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। চরম দারিদ্র্যের মধ্যে তিনি দিনাতিপাত করেছেন। বিংশ শতাব্দীর শেষার্ধকালে অনপনেয়ভাবে বাংলা কবিতায় তার প্রভাব মুদ্রিত হয়েছে।
জীবনানন্দ দাশ

মরুবালু

[post-views]
বার পড়া হয়েছে
শেয়ার :

হাড়ের মালা গলায় গেঁথে – অট্টহাসি হেসে
উল্লাসেতে টলছে তারা,—জ্বলছে তারা খালি !
ঘুরছে তারা লাল মশানে কপাল—কবর ঘেঁসে ,
বুকের বোমাবারুদ দিয়ে আকাশটারে জ্বালি
পাঁয়জোরে কাল মহাকালের পাঁজর ফেড়ে ফেড়ে
মড়ার বুকে চাবুক মেরে ফিরছে মরুর বালি !

সর্বনাশের সঙ্গে তোরা দম্ভে খেলিস পাশা
হেথায় কোন এক সৃষ্টিপাতের সূত্রপাতের ভূমি ,
—শিশু মানব গড়েছিল ঐ সাহারায় বাসা ;
—সে সব গেছে কবে ঘুমের চুমার ধোঁয়ায় ধূমি !
অটল আকাশ যাচ্ছে জরির ফিতার মতো ফেড়ে ,
জবান তোদের জ্বলছে যমের চিতার গেলাস চুমি !

তোদের সনে ‘ডাইনোসুরে’র লড়াই হলো কত,-
আলুথালু লুটিয়ে বালুর ডাইনী ছায়ার তলে
আজকে তারা ঘুমিয়া আছে ,—চুল্লি শত শত
উঠলো জ্বলে তাদের হাড়ে ,—তাদের নাড়ের বলে ;
কাঁদছে খাঁ খাঁ কাফন-ঢাকা বালুর চাকার নিচে ,
মুণ্ড তাদের ,—মড়ার কপাল ভৈরবেরি গলে!

তোদের বুকে জাগছে মৃগতৃষ্ণা ,—জাগে ঝর!
নিস উড়িয়ে শিকার—সোয়ার ধোঁয়ার পিছে পিছে ,-
মেঘে মেঘে চড়াও ,—বাজের বুক চিরে চক্কর !
নাচতে আছিস আকাশখানার গোখরাফণার নিচে,
আরব মিশর চীন ভারতের হাওয়ায় ঘুরে ঘুরে !
সত্য ত্রেতা দ্বাপর কলি হাপর খিঁচে খিঁচে !

তোদের ভাষা আস্ফালিছে শেখ সেনানীর বুকে!
-লাল সাহারার শেরের সোয়ার ,—বালুর ঘায়ে ঘেয়ো ,
ধমক মেরে আঁধির বুকে ছুটছে রুখে রুখে!
-তোদের মতো নেইকো তাদের সোদর—সাথী কেহ ,
নেইকো তাদের মোদের মতন পিছুডাকের মায়া,
নেইকো তাদের মোদের মতন আর্ত মোহ-স্নেহ !

দানোয়-পাওয়া আগুনদানা ,—দারুণ পথের মুখে !
ঘায়েল করি মেঘের বুরুজ বল্লমেরি ঘর,
উড়িয়া হাজার ‘ক্যারাভেন’ ও তাম্বুশিবির বুকে ,
উজিয়ে মরীচিকার শিখা – কালফণা জর্জর ,
—টলতে আছিস ,—দলতে আছিস ,—জ্বলতে আছিস ধূ ধূ !
সঙ্গে স্যাঙাত-মসুদ ডাকাত ,—তাতার যাযাবর !

গাড়তে যাবো যারা তোদের বুকের মাঝে বাসা
হাড্ডি তাদের ফোফরা হ’য়ে ঝুরবে বালুর মাঝে ,
এইখানেতে নেইকো দরদ,-নেইকো ভালোবাসা ,
বর্শা লাফায় ,—উটের গলায় ঘণ্টি শুধু বাজে !
ফুরিয়ে গেছে আশা যাদের,—জুড়িয়ে গেছে জ্বালা ,
আয় রে বালুর ‘কারবালা’তে, অন্ধকারের ঝাঁঝে !

Error!
No 'Post_Views_Counter_List_Widget' widget registered in this installation.

ট্যাগসমূহ

অণুগল্প অনুবাদ ইতিহাস ঈদ সংখ্যা ২০২২ উপন্যাস সংক্ষেপ একালের গল্প কবিতা কলকাতার দিনগুলি কাজী নজরুল ইসলাম কাজী মহম্মদ আশরাফ কুড়ি লাইনের কবিতা সংখ্যা গণঅভ্যুত্থান সংখ্যা গল্প চিরায়ত গল্প ছোটগল্প জসীমউদ্দিন জীবনানন্দ দাশ জীবনের গল্প জয় গোস্বামী নীতিগল্প পলাশ মজুমদার পিন্টু রহমান প্রবন্ধ প্রেমের গল্প ফেলুদা সিরিজ বই বাংলা কবিতা বিখ্যাতদের গল্প বুক রিভিউ ব্যক্তিত্ব ভ্রমণ ভ্রমণ ডায়েরি মানিক বন্দ্যোপাধ্যায় মাহির তাজওয়ার মিনহাজ শোভন মুভি রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর শিশিরভেজা গল্প সংখ্যা শিশু-কিশোর গল্প সমকালীন কবিতা সমকালীন গল্প সাক্ষাৎকার সিনেমা সুকান্ত ভট্টাচার্য হাসির গল্প
magnifiercrossmenu